বাংলাধারা প্রতিবেদন »
কোভিড ১৯ এ মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ২ টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট এ সংক্রান্তে একটি প্রস্তাবনা হস্তান্তর করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জনাব জি সি ত্রিপাঠি।
জানা গেছে, করোনায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে তাঁদের পরিবারের সন্তানদের মধ্যে পাঁচ জনকে (ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে) “সাইডার ইন্টারন্যাশনাল স্কুল”-এর “ন্যাশনাল কারিকুলামে” বিনামূল্যে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিতে ইচ্ছুক। কেবল তাই নয়, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এক্ষেত্রে এই ৫ জন ছাত্র-ছাত্রীকে তাদের সকল শিক্ষাসামগ্রী তথা শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্তকিছুর দায়িত্ব গ্রহণ করবেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই প্রস্তাবটি সমন্বয় করেছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।
উল্লেখ্য, করোনার ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান ইউনিট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক সদস্যে গুরুত্বপূর্ণ পালন করে যাচ্ছেন। মেট্রোপলিটন এলাকায় জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা প্রদান করে যাচ্ছে সিএমপি। এ মানবিক দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন সিএমপির অনেক পুলিশ সদস্য।
বাংলাধারা/এফএস/টিএম












