কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে গোলাগুলিতে অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোর রাতে হ্নীলার দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকা কেরন তলীতে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত রশিদউল্লাহ (২৮) টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া সফিক উল্লাহ’র ছেলে। র্যাবের দাবি রশিদ পাহাড়ে সক্রিয় ডাকাত খালেক গ্রুপের সদস্য।
র্যাব-১৫ টেকনাফ (সিপিসি-১) এর অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার জানান, গোয়েন্দা সূত্রে খবর আসে মঙ্গলবার গভীর রাতে হ্নীলা দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী কেরনতলী এলাকায় অপরাধ সংঘটিত করতে ডাকাতদল অবস্থান নিয়েছে। সেই তথ্যে র্যাবের একটি চৌকস দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষন শুরু করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সকালে রোহিঙ্গাদের দ্বারা মৃতের পরিচয় সনাক্ত হওয়া গেছে। গোলাগুলিতে র্যাবের দু’সদস্য আহত হয়েছেন।
তিনি আরে জানান, ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












