৮ নভেম্বর ২০২৬

‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’ বসলো জেনারেল হাসপাতালে

বাংলাধারা প্রতিবেদন »  

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট মেটাতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপ’। হাসপাতালটিতে ৮০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’।

জানা গেছে, এরই মধ্যে অক্সিজেন সাপ্লাইও শুরু হয়েছে। প্লান্টের অক্সিজেন সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইনও স্থাপন করা হয়েছে হাসপাতালে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, হাসপাতালে যেসব অক্সিজেন সিলিন্ডার রয়েছে তা প্রতিদিন তিনবার করে পূর্ণ করতে হতো। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হতো হাসপাতালকে। তবে এ প্লান্ট বসানোর ফলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে।  

করোনা রোগীদের চিকিৎসায় আড়াইশ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল চালু করা হলেও শুরু থেকেই অক্সিজেন সংকটে পড়তে হচ্ছে রোগীদের। ১০ শয্যার আইসিইউ চালু থাকলেও সেখানে অক্সিজেন ব্যবহার করা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে। প্রয়োজনে তুলনায় অক্সিজেন সিলিন্ডার কম থাকায় অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। সর্বশেষ শনিবার রাতে সীতাকুণ্ডের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সময়মতো অক্সিজেন না পাওয়ায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে, গত ২২ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই করোনায় আক্রান্ত মোরশেদুল আলম মারা যান। মাসুদের মা-ছেলে, আরও চার ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হন। মূলত ‘অক্সিজেন সংকটে’ ভাইয়ের মৃত্যুর পর চট্টগ্রামে করোনার চিকিৎসায় সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন সাইফুল আলম মাসুদ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ