বাংলাধারা প্রতিবেদন »
দেশের চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে।
সোমবার (২৭ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ঘটনায় ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামাল পাটোয়ারী।
এ বিষয়ে জামাল পাটোয়ারী বলেন, শিল্পী সমিতির জের ধরে গত ২৬ জুলাই মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খুঁজে পাওয়া যাবে না এসব বলে জামালকে হুমকি দেন ডিপজল। ওই জিডিতে ডিপজলের ব্যবহৃত একটি ফোন নম্বরও উল্লেখ করেন তিনি।
ওই জিডিতে আরো বলেন, এর আগেও আরো দুইবার ডিপজল তাকে হুমকি দিয়েছে। তাই বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় পুলিশের দ্বারস্থ হয়েছেন জামাল পাটোয়ারী।
এ বিষয়ে ডিপজল বলেন, ‘জামাল পাটোয়ারী কে? আমি তাকে চিনি না। আমার এতো সময় নেই যে যাকে চিনি না তাকে খুঁজে বের করে গালাগালি করবো। আর আমার ওই বয়সও নেই যে কাউকে গালি দেবো। হয়ত ২০ বছরের তরুণ থাকলে গালি দিতাম, সেটা মানানসই হতো। বলেন তো, এখন কি আর হুমকি দেয়ার বয়স আছে আমার?’
প্রসঙ্গত, ১৯ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ চেয়ে এফডিসির সামনে ভোটাধিকার হারানো ১৮৪ শিল্পী মানববন্ধন করেন। যেখানে জামাল পাটোয়ারীও অংশ নেন।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












