লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যাক্ত একটি ডোবায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আধুনগর ঘাটিয়ার পাড়া গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া মগনামা শরৎঘোনা ১ নং ওয়ার্ড এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তারা লোহাগাড়া সদর বায়তুন নুর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ময়না বাড়ি থেকে উক্ত ডোবা হতে বিক্রির জন্য শাক তুলার উদ্দেশে বের হন। সেখানে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ময়না। ওই সময় তার চিৎকার শোনতে পেয়েও কাউকে দেখতে পায়নি স্থানীয়রা।
একইদিন রাতে তার মা ডোবার আশপাশে খোঁজাখুঁজি করেও পাননি। পরদিন মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আবারও ওই ডোবাতে মেয়েকে খোঁজতে বের হয় মা রাশেদা। পরে মেয়ের মৃত দেহ দেখে চিৎকার দিয়ে মেয়েকে ধরে টানার সময় তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত রাশেদা ৪ কন্যা ও ১ ছেলে সন্তানের জননী।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. সারওয়ার জাহান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক লাইনম্যান গিয়ে ছেঁড়া তার উদ্ধার করেন।এ ঘটনায় ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












