বাংলাধারা ডেস্ক »
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর লঙ্কা সফরের টেস্ট সিরিজে টাইগারদের ভাল সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। করোনার কঠিন সময়ের মাঝেও অবশেষে মাঠে ফিরতে পারায় অনেকটাই নির্ভার তামিম। সেই সাথে নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক।
গেলো মাসে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়। অনুশীলনের দুটি পর্ব শেষে তামিম ইকবাল যোগ দিয়েছেন। মাঠে ফিরতে পেরে সতীর্থদের মতো খুশি ওয়ানডে অধিনায়ক। যদিও দীর্ঘ সময় করোনায় ঘরবন্দি থাকায় মানসিক চাপে থাকতে হয়েছে ক্রিকেটারদের। তবে, পর্যায়ক্রমে মাঠে ফিরছেন ক্রিকেটাররা।
চিকিৎসার জন্য লন্ডন যাওয়া, সেখান থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকায়, অনুশীলনে যোগ দিতে কিছুটা দেরি হয়েছে তামিম ইকবালের। অবশেষে মাঠে ফিরতে পেরে নির্ভার ওয়ানডে অধিনায়ক।
এ বিষয়ে তামিম ইকবাল গণমাধ্যমকে বলেন, এই চারটা মাস অন্য রকম ছিলো। সবাই হেলথ ইস্যু নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত ছিলো। এখন ফাইনালি আমরা সবাই যেটা পছন্দ করি, খেলাধুলা করতে পারছি; যেটা খুবই ভালো।
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। করোনা ভাইরাসের কারণে দেশে ও দেশের বাইরে বাংলাদেশের অন্তত ৫টি সিরিজ স্থগিত হওয়ার পর, লঙ্কা সফর নিশ্চিত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ক্রিকেটারদের মাঝে। আসন্ন লঙ্কা সফরের টাইগারদের ভাল সুযোগ বলে মানছেন তামিম।
তিনি বলেন, এই চার মাসে বিসিবিও আমাদের কিছু সেশন ঠিক করে দিয়েছিলো। ব্যক্তিগতভাবে আমিও দুই তিনটা সেশন করেছি। আমার কাছে মনে হয় এটা অবশ্যই সাহায্য করেছে।
করোনার মাঝে দীর্ঘ পাঁচ মাস প্রিয় ব্যাটটি ছুঁয়ে দেখা হয়নি তামিমের। বাসায় ট্রেডমিলে দৌঁড়ানোর পাশাপাশি হালকা জিম করেছেন এই ড্যাশিং ওপেনার। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও, মিরপুরে নেটে ব্যাটিং অনুশীলন বেশ উপভোগ করেছেন ওয়ানডে অধিনায়ক।
তামিম ইকবাল বলেন, প্রায় চার পাশ মাস পর ব্যাটিং শুরু করলাম। ব্যাটিংয়ের ব্যাপারে যতটা খাবর অবস্থা ভেবেছিলাম দেখলাম, ততটা না। ব্যাটিংটা ঠিকই আছে। ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালোই আছি।
করোনার কঠিন সময়ের মাঝেও সবকিছু নিয়ম মেনে করতে পারলে ভালো অবস্থানে থাকা সম্ভব বলে মনে করেন তামিম ইকবাল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












