১৩ মার্চ ২০২৬

সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ ২ দিন পর সোনাদিয়া থেকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মাহফুজের মরদেহ ২ দিন পর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে দ্বীপের চরে ভাসন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা মঙ্গলবার নিখোঁজ হওয়া মাহফুজ বলে সনাক্ত করেন। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ইমরান জাহিদ।

সলিল সমাধি হওয়া শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ (১৮) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানি নিয়াজি এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন নিখোঁজের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্ধুদের ২৪ জনের একটি দল কক্সবাজার বেড়াতে আসে। পরে বিকালে তারা সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়। বিকাল সাড়ে ৪ টার সময় বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে ঢেউয়ের টানে মাহফুজ তলিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সোনাদিয়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ মাহফুজের বন্ধু হুমায়ুন জানায়, তারা ২৪ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা সাড়ে ৪টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিল মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে বন্ধু জিহাদও ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীচকর্মীদের জানানো হয়। জিহাদ উঠে এলেও মাহফুজ তলিয়ে যায়।

সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান, খবর পেয়েই লাইফগার্ড ও বীচকর্মীরা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজ মাহফুজের সন্ধান মিলেনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ইমরান জাহিদ জানান, পর্যটন সেলের দায়িত্বরতরা বীচকর্মীদের নিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিতে বীচ ও হোটেল-মোটেল এলাকায় কাজ করছিল। এমন সময় বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে এক শিক্ষার্থী ঢেউয়ের সাথে তলিয়ে গেছে। ততক্ষণাত লাইফগার্ড ও বীচ কর্মীদের দিয়ে সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তার খোঁজ মিলেনি। বৃহস্পতিবার সকালে খবর আসে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। বেলা ১১টার দিকে মরদেহটি গ্রহণ করার পর স্বজনরা এটি নিখোঁজ মাহফুজ বলে জানায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ