বাংলাধারা প্রতিবেদন »
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত একদিনে নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীর ২১ জন ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাছাড়া গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত একদিনে ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩২ জন। মোট আক্রান্ত ১৬ হাজার ৪৩৭ জনের মধ্যে ১১ হাজার ৬৮২ জন নগরীর ও ৪ হাজার ৭৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬৩ জন; এর মধ্যে ১৮৩ জন নগরীর ও ৮০ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১২৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জনের নমুনার মধ্যে নগরের ১ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।
শেভরণে ২৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ২, হাটহাজারীর ৩ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৯০৭ জন করোনা রোগী।
বাংলাধারা/এফএস/টিএম












