বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের কোভিড-১৯ টেস্টের সুবিধার্থে বাংলাদেশ ইনস্টিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) একটি আরটি-পিসিআর মেশিন প্রদান করেছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ।
গত ১৪ আগস্ট (শুক্রবার) সকালে টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে এই মেশিন বিআইটিআইডি’তে হস্তান্তর করার পর ইতোমধ্যে মেশিনটি চালু করা হয়েছে।
বিআইটিআইডি কর্তৃপক্ষ এতে সন্তোষ প্রকাশ করে বিজিএমইএ’কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং নতুন এই উন্নতমানের মেশিনের ফলে সক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রতিদিন আরো বর্ধিত পরিসরে কোভিড-১৯ টেস্ট করা সম্ভব হচ্ছে মর্মে জানান।
বিজিএমইএ’র মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি ও পরিচালক মন্ডলী দেশের এ ক্রান্তিলগ্নে সরকারী স্বাস্থ্য সেবায় অবদান রাখতে পারায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয় ও জেলা প্রশাসকসহ চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ ও বিআইটিআইডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্ধিত পরিসরে টেস্ট সুবিধার ফলে বিআইটিআইডি’র কর্ম দক্ষতা বৃদ্ধিতে ও গরিব জনসাধারণের সেবায় এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিজিএমএ’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিআইটিআইডি’র সহযোগিতায় সল্টগোলাস্থ বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ স্যাম্পল কালেকশন বুথের কার্যক্রম অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে বিজিএমইএ নিযুক্ত মেডিকেল অফিসার, নার্স ও ল্যাব টেকনিশয়ানকে বিআইটিআইডি কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে এ’বুথের কার্যক্রম শুরু হলে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাগণ সহজেই কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন করতে পারবে।
প্রসঙ্গত, বিজিএমইএ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসাবে বন্দরস্থ সল্টগোলা এলাকায় বিজিএমইএ কোভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতালে গত ২রা জুলাই ২০২০ থেকে করোনা রোগীদের সেবা প্রদান করে আসছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












