২১ মার্চ ২০২৬

চলতি সপ্তাহেই দেশে ফিরছেন সাকিব

বাংলাধারা ডেস্ক »

যুক্তরাষ্ট্র থেকে চলতি সপ্তাহেই দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশে ফেরার পরই তার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সেসময় তিনি কিছুদিন রাজধানীর বনানীতে নিজ বাসায় অবস্থান করবেন।

পরীক্ষায় করোনাভাইরাস ধরা না পড়লে তিনি বিকেএসপি’তে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন বলে তার সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে এবছরের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব। এপ্রিলে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে ৩৩ বছর বয়সী এই তারকা অলরাউন্ডারকে দু’বছরের নিষেধাজ্ঞার দেয় আইসিসি। পরে তা কমে একবছর হয়। অক্টোবরেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে সাকিব ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন।

বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যথাক্রমে ৩৮৬২, ৬৩২৩ ও ১৫৬৭ রান করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের সবগুলো ফরম্যাট মিলিয়ে ১৪ সেঞ্চুরি ও ৮০ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন