বাংলাধারা প্রতিবেদন »
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। তার পরিবর্তে গাজীপুর মহানগর কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করে মাহাবুবর রহমান। সিএমপি’র কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে মাহাবুবর রহমান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ১৩ আগস্ট থেকে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাধারা/এফএস/টিএম












