২১ মার্চ ২০২৬

স্বাবলম্বী হতে দুই চালককে নতুন রিকশা দিলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে ‘স্বাবলম্বীকরণ প্রকল্প’ হাতে নিয়েছে সামাজিক সংগঠন ‘হাসি’। এ প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় সংগঠনটির উদ্যোগে দুই রিকশা চালককে নতুন দুটি রিকশা হস্তান্তর করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর চশমা হিল এলাকায় রিকশা দুটি হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, সমাজের খেটে-খাওয়া মানুষের শ্রম-ঘামে এই দেশ আজ একের পর এক সমৃদ্ধি অর্জন করছে। তাদের অবদানের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের সব সময় তাদের পাশে দাঁড়াতে হবে।

এ সময় সামাজিক সংগঠন ‘হাসি’র এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন নওফেল।

হাসি’র সহ-সভাপতি ও এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ বলেন, সামাজিক সংগঠন ‘হাসি’ দারিদ্রতামুক্ত সমাজ বিনির্মাণে কাজ করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে ৫ জন রিকশা চালককে স্বাবলম্বী করে তুলতে রিকশা প্রদান করা হয়েছে।

এ সময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, আবু তাহের, পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, ফয়েজ আহমেদ, আলী বক্স, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন