বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সকল পাহাড়ি এলাকায় বিদ্যুতের আওতায় এনে প্রযুক্তি নির্ভর করার জন্য শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। পাহাড়ে জ্বলবে আলো, বিদ্যুৎহীন থাকবেনা বান্দরবান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদে স্থানীয়দের মাঝে সোলার বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান প্রমুখ।
পার্বত্য বিষয়ক মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে পার্বত্য দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। এর আগে সরকার ৭৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে সোলার বিতরণ করেছে। পাহাড়ের দুর্গম এলাকাগুলো যেখানে এখনও বিদ্যুৎ সুবিধা যায়নি সেসব এলাকায় এখন সোলারের আলোতে আলোকিত হয়ে উঠেছে। বান্দরবানসহ পার্বত্য তিন জেলায় বিদ্যুৎহীন এলাকার জনসাধারণের সুবিধার্থে সরকার ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার পরিবারের মধ্যে সোলার বিতরণের উদ্যোগ নিয়েছে।
পরে সুয়ালক এলাকায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুলতানপুর সড়কের উদ্বোধন করেন এবং ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে রেইছা বাজার শেডের ভিত্তিপ্রস্তর প্রদান করেন মন্ত্রী।
বাংলাধারা/এফএস/এএ












