কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির ধাওয়ায় চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা ফেলে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে গেছে ইয়াবা পাচারকারীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে ঢুকার সময় বিজিবি এ ধাওয়া দেয়। জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ ২ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বুধবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা আইয়ুবের জোড়া নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে আসা একটি কাঠের নৌকা হতে ৫/৬জন লোক বস্তা নিয়ে নেমে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।
‘বিজিবি দেখে তারা পালাতে চাইলে ধাওয়া করে। তখন মাদক কারবারীরা বস্তাসমুহ ফেলে সাতাঁর কেটে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পাওয়া পরিত্যক্ত অবস্থায় ৫টি বস্তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’ বলেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
বাংলাধারা/এফএস/এএ












