বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫১৬ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭১ জন; এর মধ্যে ৪৬ জন নগরের ও ২৫ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫১৬ জন নগরের ও ৫ হাজার ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ ও উপজেলার ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার একজনের করোনা মিলেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনের করোনা মিলেছে।
বাংলাধারা/এফএস/এএ












