বাংলাধারা ডেস্ক »
কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।
কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।
প্রতিবেদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিপোর্টে কী আছে আমরা এখনো দেখিনি। আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন, সেই অনুযায়ী কাজ করবেন।’
এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য কী উদ্যোগ নেওয়া হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন, দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মনে করি এ ধরনের ঘটনা আর না ঘটুক।’
এ সময় কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী যে আইনশৃঙ্খলার জন্য অক্লান্ত পরিশ্রম করে, দেশে এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না।’
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২ আগস্ট তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরদিন কমিটি পুনর্গঠন করে চার সদস্যের করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জাকির হোসেন খান এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী।
বাংলাধারা/এফএস/ইরা












