২১ মার্চ ২০২৬

ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, আটক ৪

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে পুলিশ আটক করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ফটিকছড়ির সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইদ্রিস ৫১), আমান উল্লাহ (৩০), বেনুরা বেগম (৭০), জেসমিন আকতার (৩০), মিনা আকতার (২৬), নাজিম (৪০), নয়ন (২০), শহিদুল্লা (৪৫), ইসমাইল ( ২২), মনা (৩০), খতিজা বেগম (৭০)।

জানা গেছে, যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রুপের কর্মীরা শহিদুল্লাহ গ্রুপের এক কর্মীকে মারধর করে। খবর পেয়ে শহিদুল্লাহ গ্রুপ মহিউদ্দিন গ্রুপের ওপর হামলা চালায়। হামলার সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র, লাটি সোটা ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। যুবলীগ নেতা মহিউদ্দিন ও শহিদুল্লাহ গ্রুপের মধ্যে এই এলাকাতে দীর্ঘদিন নানান বিষয়ে বিরোধ চলে আসছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। পুলিশ তৎক্ষনাত খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন