২৯ মার্চ ২০২৬

আল্লামা শফী আর নেই

হাটহাজারী প্রতিনিধি »

হেফাজতে ইসলামের আমির ও বড় হুজুরখ্যাত আল্লামা শাহ আহমদ শফী (১০৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিাবর মধ্যরাতে গুরুতর অসুস্থ আল্লামা শফীকে এ্যাম্বুলেন্সযোগে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়াতে বিকেলে আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

আল্লাামা শাহ আহমদ শফী ১৯৮৬ সালে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদে যোগ দেন। গত বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩৪ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করেন।

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় উচ্চতর ডিগ্রীধারী আল্লামা শফি শিক্ষাজীবন শুরু করেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মাদ্রাসায়। পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় (জিরি মাদ্রাসা) লেখাপড়া করেন তিনি। হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় লেখাপড়া শেষে তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসায় উচ্চ শিক্ষা নেন।

আল্লামা শাহ আহমদ শফি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। আল্লামা শফির ছোট ছেলে মাওলানা আনাস মাদানী হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক। বড় ছেলে মাওলানা মো: ইউছুপ আল্লামা শফির নিজ গ্রামে প্রতিষ্ঠিত মাদ্রাসার পরিচালক (মুহতামিম) হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্যদের বৈঠকে আল্লামা শফি এই ঘোষণা দেন। মজলিসে শুরার বৈঠকের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতবর্ষী এই আলেম।

সূত্রে জানা গেছে, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৩য় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ৮ নম্বর বেডে তাকে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। চমেক হাসপাতালের আইসিইউতে দেশের শীর্ষ এ আলেমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার দুপুরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিকালে তাকে মেঘনা গ্রুপের এয়ার এ্যাম্বুলেন্সযোগে পুরান ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে একাধিক বার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় আল্লামা শফিকে। বার্ধক্যজনিত কারণে অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন আল্লামা শাহ আহমদ শফি।

গত কয়েক বছরে তিনি বেশ কয়েকবার দেশ ও বিদেশের হাসপাতালে চিকিৎসা নেন। গত ১১ এপ্রিল হজম এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়ায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আল্লামা শাহ আহমদ শফিকে। এরপর নাকে নল লাগানো অবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসের নিজ কক্ষে চিকিৎসাধীন ছিলেন আল্লামা শফি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন