২০ মার্চ ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

পটিয়া প্রতিনিধি »

পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ (৫০) নামের এক শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাকিম নগর সুলতান সওদাগরের বাড়ি।

জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে সিএনজি করে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলে একটি রিক্সাভ্যান হঠাৎ সিএনজির সামনে চলে আসলে সিএনজির চালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পরে। ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক মারা যান। গাড়িতে থাকা অন্য ৪ জন গুরুতর আহত হন।

গাড়িতে থাকা নিহত মাদ্রাসার শিক্ষকের চাচাত ভাই সুলতান আহমদ জানান, আমরা পটিয়া ডাক বাংলোর মোড় থেকে সিএনজিতে উঠি, গাড়িতে আমি এবং আমার চাচাত ভাই সহ আরও ৫ জন ছিলেন। গাড়িটি পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলেই একটি রিক্সাভ্যান সামনে চলে আসে। চালক গাড়িটির ব্রেক করলে গাড়িটি উল্টে যায়। পরে আমরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর ধরে পটিয়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহ আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তার মা বাবাও অনেক বছর আগে মারা যান।

বাংলাধাারা/এফএস/এএ

আরও পড়ুন