বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীতে হালকা থেকে মাঝারী বৃষ্টি হচ্ছে। অফিসগামী গণপরিবহন যাত্রী আর নিম্নআয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ দুর্ভোগে পোহাচ্ছেন বৃষ্টিতে। এদিকে বৃষ্টির সঙ্গে জোয়ার আতঙ্ক দেখা দিয়েছে নগরীর বিভিন্ন এলাকায়।
জানা গেছে, আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় যা ছিল ১৪ দশমিক ৫ মিলিমিটার। কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয়েছে ভোর ৩টা ৫৪ মিনিটে, জোয়ার ১০টা ৪০ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪টা ১৬ মিনিটে, জোয়ার রাত ১০টা ৫৬ মিনিটে।
বৃষ্টির সঙ্গে জোয়ার আতঙ্ক দেখা দিয়েছে নগরীর খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহরের নিম্নাঞ্চলে। পাহাড়ধস আতঙ্ক রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনের মধ্যে।
ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, শুঁটকির বড় মোকাম আসাদগঞ্জ থেকে শুরু করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, আশপাশের সরকারি কলোনি, আবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে জলাবদ্ধতার আতঙ্ক দেখা দিয়েছে।
বাংলাধারা/এফএস/এএ












