আলমগীর মানিক, রাঙামাটি »
হেফাজতের অর্ন্তদ্বন্দ ধামাচাপা দিতে আহলে সুন্নাত নেতাকে প্রহসনমূলক গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির নেতারা। মুক্তি দেয়া না হলে হরতালসহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও হুশিয়ারি দেন নেতৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজত আমির আহমদ শফির মৃত্যু তার অনুসারীদের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে, যা তারা নিজেরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিরাপরাদ সুন্নী আলেমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে আহলে সুন্নাত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানান বক্তারা।
আহলে সুন্নাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম প্রমুখ।
প্রসঙ্গত, মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি সারাদেশে এই আন্দোলন-বিক্ষোভ চলছে। জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।
বাংলাধারা/এফএস/এএ












