কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় চিহ্নিত চোরাকারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ ভরি ওজনের ৬টি স্বর্ণের বার, বিপুল পরিমাণ মিয়ানমারের মুদ্রা ও একটি মোটর সাইকেল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে হোয়াইক্যংয়ের মৃত মোহাম্মদ হাকিমের ছেলে মো. বাবুল (৪০)’র বাড়ীতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার মো. বজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ হোয়াইক্যংয়ের বাবুল নামের এক ব্যক্তি মিয়ানমার থেকে চোরাইপথে বিপুল পরিমাণ স্বর্ণ এনে তার বাড়িতে মজুদ করেছেন।
উক্ত সংবাদের ভিক্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার বজলুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে বাবুলের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, একটি মোটর সাইকেল ও বিপুল পরিমাণ মিয়ানমারের কিয়ত পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় এসব জব্দ করা হয়েছে।
পরে হোয়াইক্যংয়ের মৃত মোহাম্মদ হাকিমের ছেলে মো. বাবুল (৪০) ও মৃত পেটান আলীর ছেলে মো. জাফর (৩৫) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মো. বাবুল দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে চোরাইপথে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাপথে দেশে নিয়ে আসেন। পরে দেশের বিভিন্ন চোরাকারবারিদের কাছে এসব চোরাই পণ্য বিক্রি করে দেন।
বাংলাধারা/এফএস/এআর













