৮ নভেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৯১ জন। এদের মধ্যে ২৫৫ জন নগরের ও ৩৬ জন উপজেলার বাসিন্দা। এদিন মোট ১ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৯ জন।

সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৮৬০ জনের মধ্যে ১৯ হাজার ১৫১ জন নগরের ও ৬ হাজার ২১৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ১৬৬ জনের নমুনার মধ্যে ৫৪ জনের ও শেভরণে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মানুষ সচেতন হচ্ছে না। যার কারণে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার গত কয়েক দিন ধরেই বাড়ছে। স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই ২৪ ঘণ্টায় ১৪৭১টি নমুনা পরীক্ষা করে ২৯৫ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এরপর থেকে কমতে শুরু করেছিল শনাক্তের সংখ্যা। তবে আজ হুট করে নতুন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর এটি গত ১৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ