বাংলাধারা প্রতিবেদন »
স্বল্প মূল্যে পণ্য ও জন পরিবহন নিশ্চিত করতে সারাদেশে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকার দেশব্যাপী রেল যোগাযোগ আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
গতকাল (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর ওপর যে রেল সেতু সেখানে গাড়ি চলার কোন সেতু ছিল না। তিনি সরকারে আসার পর সেখানে পৃথক সড়ক সেতু করে দেন। কালুরঘাটেও নতুন রেলসেতুর পাশাপাশি পৃথক সড়কসেতু করা হচ্ছে।
প্রধানমন্ত্রী যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতুর উজানে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের পৃথক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেত’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা বলেন। খবর বাসস ও বিডিনিউজের।
তিনি আরো বলেন, ‘রেলকে আরো শক্তিশালী করার পরিকল্পনা আমাদের রয়েছে। সারাদেশে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য রেল নেটওয়ার্ক সৃষ্টি করবো। যাতে অল্প খরচে পণ্য পরিবহন এবং মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়।’
বাংলাধারা/এফএস/ওএস













