৮ নভেম্বর ২০২৬

‘তেলাপোকাও পাখি আর মামুনুল হকও মানুষ’

বাংলাধারা প্রতিবেদন  »

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যুবলীগ মাঠে নামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীকারীরা এক সেকেন্ডও দাঁড়াতে পারবে না।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে যুবলীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রাজধানীর ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে আপত্তি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

এ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে চট্টগ্রামে এসে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘মামুনুল হক কি পাগল? তিনি যে মন্তব্যগুলো করেছেন তা সজ্ঞানে করেছেন তো? তেলাপোকাও পাখি আর মামুনুল হকও মানুষ।’

নিক্সন বলেন, ‘যুবলীগ যদি মাঠে নামে তাহলে পালানোর পথ পাবেন না। যু্বলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। যদি সাহস থাকে তাহলে মাঠে আসুন, মাঠে আসল খেলা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু বা আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে কিছু বলার আগে আমাদের মোকাবেলা করতে হবে’

নিক্সন বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যুবলীগকে বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করতে হবে। কোনো ধরনের অপরাজনীতি বা ষড়যন্ত্রের চেষ্টা করে লাভ নেই। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নিখিল-পরশ ভাইয়ের নেতৃত্বে যুবলীগ সর্বদা মাঠে আছে।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ