৮ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না : তথ্যমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সর্তক করে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মুজিববর্ষের শেষের দিকে এসে আজকে নানাভাবে বিতর্ক তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানা প্রসঙ্গ টেনে এনে বিতর্ক করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, সহ্য করতে পারি না।

সাংবাদিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, সমাজকে যারা মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের যারা পৃষ্টপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজকে কলম নিয়ে সোচ্চার হওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমি সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, যারা সমাজে হানাহানি তৈরি করতে চায় নানা ইস্যু তৈরি করে, যারা বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সভাপতি বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকরা বিদেশে প্রশিক্ষণে যাবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক প্রেস কাউন্সিলকে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ