২৮ মার্চ ২০২৬

রেডিসন ব্লু থেকে ভুয়া সিআইপি গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন  »

জালিয়াতির মাধ্যমে সিআইপি’র আইডি তৈরি করেন। এরপর স্বনামধন্য হোটেলে অবস্থান করে সাধারণ মানুষের সাথে করেন প্রতারণা। খবর পেয়ে নগরীর রেডিসন ব্লু থেকে ফারুক (৩৫) নামের এমন এক প্রতারককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিআইপি কার্ডটিও।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে রেডিসন ব্লুতে এ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। ফারুক কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. লোকমানের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‌‘ফারুক কোন সিআইপি নয়, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। জাল-জালিয়াতি ও মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করাই তার কাজ। কখনো সরকারি কর্মকর্তা আবার কখনো সিআইপি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে সে প্রতারণা করে আসছে। মূলত হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই আমরা রেডিসন ব্লু তে অভিযান চালিয়ে প্রতারক ফারুককে গ্রেপ্তার করি।’

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি থেকে ফারুক হোটেল রেডিসন ব্লু ’র ৮০৩ নম্বর রুমে অবস্থান করে আসছে। সেসময় থেকে তার সাথে অনেক লোকজন হোটেলের লবিতে এসে দেখা করেন। অনেকেই হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চান, সিআইপি ফারুক কত নম্বর রুমে অবস্থান করছেন। ফারুকের কার্যক্রম সন্দেহ হলে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে ফারুক কোনো সিআইপি নন, সে একজন প্রতারক।

গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার দায়ে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ