বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের উখিয়ায় এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উখিয়ার কোটবাজারের ডেকোরেশনের দোকান থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) রত্নপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটরের দোকানে কাজ করে আসছে।
নিহত কালুর বাবা বশির আহমেদ বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি এখনও জানি না। সকালে শুনতে পায় আমার ছেলে গলাকাটা অবস্থায় পড়ে আছে। এখন আমি ছেলে হত্যাকারীদের গ্রেফতার চাই।
দোকান মালিক শাহ আলম বলেন, শনিবার রাত ১২টার দিকে কালু আর আয়াসকে দোকানে রেখে গেছি আমি। আয়াসকে আমি চিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। সকালে এসে কালুর মরদেহ দেখতে পাই। আয়াস এর পর থেকেই পলাতক।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এইচএফ












