২৮ মার্চ ২০২৬

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন না-মঞ্জুর

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন না-মঞ্জুর করেছে আদালত।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১টার দিকে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান জামিন শুনানি শেষে আবেদন না-মঞ্জুর করেন।

এর আগে, সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার এ মামলায় আদালতে জামিন আবেদন করেন প্রদীপের আইনজীবী। রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন বিচারক।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন।

২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের দুইজনকে সাত কার্য দিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। ১২ মে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ তারা পৃথক সম্পদ বিবরণী দাখিল করেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার অভিযোগে করা মামলায় ওসি প্রদীপ বর্তমানে কারাগারে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ