বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে অপহৃত চার বছরের এক শিশুকে কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।
রোববার (১০ জানুয়ারি) ভোরে হ্নীলা এলাকার নির্জন পাহাড়ি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটি নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ তিন নম্বর রোড বি-ব্লকের লাকি আক্তারের ছেলে।
এর আগে গত ৮ জানুয়ারি স্বামীর বন্ধু পরিচয় দিয়ে মোবাইলে কথা বলে লাকির বাসায় যান এক হ্নীলা এলাকার মো. ইদ্রিসের ছেলে মোসারিকুল হাসান প্রকাশ রিফাত (২০)।
এরপর চিপস, চকলেট কিনে দেয়ার নাম করে লাকির চার বছরের ছেলেকে অপহরণ করে কক্সবাজারের হ্নীলায় নিয়ে যায় রিফাত। পরে শিশুটিকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রিফাত।
৯ জানুয়ারি লাকি আক্তার পাঁচলাইশ থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে স্থানীয় পুলিশ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় হ্নীলা এলাকার নির্জন পাহাড়ি এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হই আমরা।
‘অপহৃত শিশুটিকে আজ আদালতে উপস্থাপন করে তার জবানবন্দি নেওয়া হয়। আদালত শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করেছেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।’
ঘটনায় জড়িত মূল অপহরণকারী রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।
বাংলাধারা/এফএস/এআর












