স্পোর্টস ডেস্ক »
নতুন বছরে ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার আগে আজ থেকে অনুশীলন শুরু করেছেন টাইগাররা। একদিকে বছরের প্রথম সিরিজ অপরদিকে ঘরের মাঠে খেলা, তাই এই সিরিজ নিয়ে তামিম-মুমিনুলদের প্রত্যাশা একটু বেশি। এদিন সাকিব-তামিম-মুশফিকরা সবাই অনুশীলন করেন।
রবিবার (১০ ডিসেম্বর) হোম অব ক্রিকেট মিরপুরে সকাল ৯টায় রিপোর্টিংয়ের পর শুরু হয় আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প। বেশ কিছুক্ষণ রানিংয়ের পর ক্রিকেটাররা করেছেন ব্যাটিং অনুশীলন। এরপর বোলিং কোচ ওটিস গিবসনের অধীনে মোস্তাফিজ ও আল আমিনরা অনুশীলন করেন। আর ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক,সাকিব,তামিম ও রিয়াদরা। এ সময় উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এরপর দুপুরে প্রথমদিনের অনুশীলন শেষে টিম হোটেলে ওঠেছেন টাইগাররা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয়রা। কিন্তু করোনার কারণে প্রথম তিনদিন বাধ্যতামূলক তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময়ে হোটেলের বাইরে কেউই বের হতে পারবেন না। ক্যারিবীয়রা অনুশীলন শুরু করতে পারবেন চতুর্থ দিন থেকে।
বাংলাধারা/এফএস/এইচএফ












