২৮ মার্চ ২০২৬

লোহাগাড়ায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক খুন হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফুল বড়হাতিয়া ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা হারিমুন পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র ও দুই সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তরা সাইফুলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। তাৎক্ষণিক সাইফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে হামলাকারীরা মুখোশ পরা ছিল বলে জানান তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ২-৩টি গ্রুপ পাহাড়ি সম্পদের দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে লিপ্ত। এর আগেও কুমিরাঘোনা এলাকায় দখল-বেদখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার, এমরান ও মোজাম্মেল হক নামে তিন ব্যক্তি খুন হয়েছে।

এদিকে, একইদিন রাত ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ।

সাইফুলকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারীতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ