২৮ মার্চ ২০২৬

পটিয়া পৌর নির্বাচনে আ’লীগের আস্থা আইয়ুব বাবুল

পটিয়া প্রতিনিধি »

পটিয়া পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি?  কাকে দেওয়া হচ্ছে সরকার দলীয় মনোনয়ন ?

বুধবার (১৩ জানুয়ারি) রাতে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান করে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে পটিয়া পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করায় বঞ্চিত হলেন পটিয়া পৌরসভার সদ্য সাবেক হওয়া পরপর দু’বারের নির্বাচিত মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এবং দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী।

সাবেক মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল ও পটিয়া পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হায়দার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়ন বোর্ডের কাছে জমা দেন। অবশেষে নৌকার মাঝি হলেন আইয়ুব বাবুল।

আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে আওয়ামী লীগের ৪ প্রার্থী এতদিন তৎপর ছিলেন। এদিকে, দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করায় পৌরসভার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ শুরু করে আওয়ামী লীগ সমর্থকরা, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছে।

নির্বাচন কমিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করেছে। এ মাসের ১৭ জানুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। প্রথমবারের মত পটিয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পটিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুল দীর্ঘদিন ধরে শিশু সংগঠন শাপলা কুড়িসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত।

আইয়ুব বাবুলকে মনোনয়ন দেওয়ার বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা অভিনন্দন জানাতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও লাইভে সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুল দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী পৌরসভা নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা ও পটিয়া

উপজেলা আ’লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল জানিয়েছেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পটিয়া পৌরসভা নির্বাচনে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ায় দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি পটিয়া পৌরসভায় উন্নয়ন কাজ করতে চান।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে আগামী পটিয়া পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন