২৮ মার্চ ২০২৬

চকরিয়ায় ১২ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

 কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ১২ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও মাইক্রোবাস চালকসহ ৪জন নিহত হয়েছেন। পৃথক এসব দুর্ঘটনায় অন্তত ১০জন গুরুতর আহত হন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মহাসড়কের চকরিয়াস্থ ইসলামনগর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ঘে ও শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পিকআপ গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহতসহ সড়কে পৃথক এ দূর্ঘটনা দুটি ঘটে।

শনিবার সকালে মহাসড়কের চকরিয়াস্থ ইসলামনগর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মো. হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২৫), পেকুয়ার শিলখালী এলাকার চাঁদ মিয়ার ছেলে আবু তালেব (৪২)। শুক্রবার সন্ধ্যা ৭টায় বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পিকআপ গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে মো. ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)।

আর, পৃথক দুর্ঘটনায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে আহতরা হলেন, চকরিয়া পৌরসভার দিগরপানখালীর সুনিল দাশ (৫২), পৌরসভার থানা সেন্টারের আবদুল হাকিম (৩২), স্টেশন পাড়ার জাফর আলম (৩২), খুটাখালীর তাফসির (৩০), ফাঁসিয়াখালীর ছাইরাখালীর জাকেরিয়া (৫২), সাহারবিলের শুভ (৫০), মালমুঘাটের মতিউর রহমান (৬৫), একই এলাকার আবদুর রহিম (২২) এবং খুটাখালীর ওসমান গনি (২৬)। অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় পিকআপ গাড়ির চাপায় পড়ে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী মো. ফারুক (২০)। তিনি রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. হোছনের ছেলে।

আহত ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোটর সাইকেল আরোহী নিহত ও আহত তিনজন বানিয়ারছড়া স্টেশনে একটি গ্রীল ওয়ার্কসপের কর্মচারী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের দিকে চিরিংগা থেকে যাত্রীবাহি একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাচ্ছিল। এসময় কক্সবাজারমুখী এনা পরিবহণের একটি যাত্রীবাহি বাস ইসলামনগর পৌছলে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়। 

এসময় মাইক্রোবাসে থাকা ৯ জন যাত্রী কমবেশী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে গুরুতর কয়েজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ থাকায় তিন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে হারবাংয়ে বেড়াতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মহাসড়কের চকরিয়ায় বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ট্রাক তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে এতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই জন। এসময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। 

পৃথক দুটি সড়ক ঘটনায় আহতের ঘটনাস্থল থেকে চিরিংগা হাইওয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হাইওয়ে পুলিশ হস্তান্তর করেন।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, পৃথক এ দুটি সড়ক দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে বাস ও মাইক্রোবাস গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া মোটরসাইকেল চাপায় দেয়া পিকআপ গাড়িটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। পৃথক দুর্ঘটনার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন