বাংলাধারা প্রতিবেদন »
সরকারের ঘোষিত কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনে কোন গণপরিবহনের দেখা না মিললেও রাস্তায় কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে। নগরীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে গণপরিবহনের দেখা মিলছে না।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে ব্যাংকসহ বিভিন্ন অফিস খোলা রয়েছে কোন পরিবহন ব্যবস্থা না রেখেই। এতে করে অফিস কর্মীদের যাতায়াত করতে পরতে হচ্ছে নানা বিড়ম্বনায়।
খাতুনগঞ্জ ডাচ-বাংলা ব্যাংক শাখায় কর্মরত আসিফ বাংলাধারাকে জানান, আমার বাসা হালিশহর আর অফিস হচ্ছে খাতুনগঞ্জ। আমাদের অফিস থেকে কোন পরিবহন ব্যবস্থা রাখা হয় নি। আমি রিকশা করে প্রথমে দেওয়ান হাট এরপর আবার রিকশা করে অফিসে এসেছি। ব্যাংক লেনদেনের সময়সীমা ১ টা পর্যন্ত হলেও আমাদের অফিস ২.৩০ পর্যন্ত। বাসায় কিভাবে ফিরবো সে চিন্তা করছি।
গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে রিকশা ভ্যানে চড়ে যার যার কর্মস্থলে যাচ্ছেন।
জিইসির মোড়ে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে কর্মরত জামাল জানান, আমার বাসা আগ্রাবাদ। এমনিতেই প্রচণ্ড গরম তার উপর রোজা। রাস্তায় গণপরিবহন না থাকলেও অফিসে যেতে বাধ্য হচ্ছি। যতই কষ্ট হোক অফিসে জেতে হবে।
উল্লেখ্য, করোনা মহামারির বিস্তার রোধে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন চলছে। এসময় জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকার কথা। যেসব অফিস খোলা থাকবে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকার কথা থাকলেও অধিকাংশ অফিস তা করেন নি।
বাংলাধারা/এফএস/এআর












