২৭ মার্চ ২০২৬

নির্বাচনে সংঘাতের শঙ্কা; মাঠে থাকবেন ৫ ম্যাজিস্ট্রেট

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচন আজ।

নির্বাচনে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রশাসনের দায়িত্বশীল জানান, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকবেন।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।

জানা গেছে, চসিকের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া পদের উপ-নির্বাচনে প্রার্থীর ২১ জনের মধ্যে ২০ জনই আওয়ামী লীগ সমর্থিত। তার মধ্যে একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডারও কারাগারে থেকে প্রার্থী হয়েছেন। এ নিয়ে নির্বাচনে সংঘাত-সংঘষের্র আশঙ্কা করছেন এলাকাবাসী।

চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক নির্বাচন কর্মকর্তা জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১৫ কেন্দ্রের ৮৬ বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন।’

চকবাজার থানার ওসি মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রার্থীদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সবাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হবে।‘

বাংলাধারা/এফএস/এফএফ

আরও পড়ুন