বাংলাধারা ডেস্ক»
প্রাণঘাতী ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকা জুড়ে শিশুদের জন্য ভ্যাকসিন বা টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (৬ অক্টোবর) টিকার অনুমোদনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, “এটি ঐতিহাসিক এক মূহুর্ত”।
তিনি বলেছেন, ‘শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার প্রতীক্ষা বহু দিনের। বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এটা যুগান্তকারী ঘটনা। এই টিকা প্রতিবছর লাখো মানুষের জীবন বাঁচাতে পারে।‘
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি এই টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে ছয় বছর আগে। এরপর ঘানা, কেনিয়া ও মালাউয়িতে এর পরীক্ষামূলক প্রয়োগেও সফলতা আসে।
এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি করা আরটিএস,এস নামের এই টিকা কেবল ম্যালেরিয়া নয়, যে কোনো পরজীবীঘটিত রোগের বিরুদ্ধে মানুষের তৈরি করা প্রথম কার্যকর টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়া কর্মসূচির পরিচালক ড. পেদ্রো আলোন্সো জানিয়েছে, ম্যালেরিয়া রোধে অন্য সব পন্থার পাশাপাশি টিকা প্রয়োগের মধ্য দিয়ে এই রোগে মানুষের মৃত্যু শুন্যতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলবে।
ম্যালেরিয়াকে এখনো বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করা হয়, যাতে বেশি মারা যায় শিশু ও নবজাতকরা। প্রায় এক শতাব্দীর চেষ্টার পর শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন পাওয়াকে চিকিৎসা খাতের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ম্যালেরিয়া টিকা উদ্ভাবন কেন্দ্র ‘পাথ’ এর প্রধান অ্যাশলে বলেছেন, “টিকা দেওয়া ঐতিহাসিক ঘটনা। বহু পরিবারেরই ভয় কেটে যাবে এতে।”
বাংলাধারা/এফএস/এফএস












