২৭ মার্চ ২০২৬

আকাশপথে যোগাযোগ বাড়িয়ে পর্যটনকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা চলছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, কক্সবাজারের পর্যটন ও সৌন্দর্য্যকে ছড়িয়ে দিতেই নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।

আকাশ পথে কক্সবাজারের সাথে সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ স্থাপনের মাধ্যমে পর্যটনকে আরও এগিয়ে নেয়ার প্রচেষ্টা চলছে। আকাশপথে বিদেশি পর্যটকদের কক্সবাজারের প্রতি আকৃষ্ট করতে এখানকার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। সারা বিশ্বের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ার লাইনস কক্সবাজারকে সংযুক্ত করতে কাজ করছে সরকার। রানওয়ে সম্প্রসারণের মধ্যদিয়ে দেশের অভ্যন্তরীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি বিমান কক্সবাজারে অবতরণ করবে। আর এতে পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার শহরের মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরায় সৈয়দপুর থেকে কক্সবাজার বিমান চলাচলের উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, করোনাকালে পৃথিবীর বহু দেশে যখন বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশ বিমান দেশবাসীর জন্য নতুন নতুন রুট খুলছে। আমার অনুরোধ, আপনারা সবাই বিমানে ভ্রমণ করুন, বিমানের সঙ্গে থাকুন।

পর্যটকদের জন্য ঝুকিপূর্ণ সেন্টমার্টিন জেটি কখন সংস্কার হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ইতিমধ্যে সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আলাদা করে ভাবছে। সেন্টমার্টিনে অতিরিক্ত পর্যটক যাওয়া রদে মহেশখালী-কুতুবদিয়ায় পর্যটকবান্ধব প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের বাংলাদেশের বিমানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। বিমানের লোকসান গুছিয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করানোর লক্ষ্যে কাজ করছি আমরা সবাই। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের এমডি (ওসিও) ড. আবু সালেহ মোস্তাফা কামাল,  কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সৈয়দপুর থেকে আসা বিমানে ঢাকা ফিরেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন