বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র, ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আনন্দের সহিত শপথ পাঠ করেন।
শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান।
শপথ গ্রহণের পর বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন বলেন, পৌর এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে বাঁশখালীবাসীর একটি স্বপ্নের পৌরসভা গঠনে কাজ করে যাব।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।












