বাংলাধারা প্রতিবেদন»
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ন্যায় সাদা রেকে যাত্রা শুরু করেছে বিজয় ও উপকূল এক্সপ্রেস।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম থেকে এ ট্রেন যাত্রা উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেন সবুজ রেকের পরিবর্তে সাদা রেকে চলাচল শুরু করছে। এতে ১৪টি কোচ যুক্ত রয়েছে।
বিজয় এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি কোচ, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪ টি কোচ থাকবে।
ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৬টি, নন-এসি চেয়ার ৭টি ও পাওয়ার কার একটিসহ মোট ১৬টি কোচ থাকবে।
উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যায় সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছাড়ে বিকেল তিনটা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে।
ময়মনসিংহ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকেল তিনটা ৫৫ মিনিটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, সিসিএম নাজমুল আলম, সিওপিএস সালাউদ্দিন, সিসিআরএনবি জহিরুল ইসলাম, ডিসিও আনছার আলী প্রমুখ।












