স্পোর্টস ডেস্ক»
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অস্টম আসরের এলিমিনেটর ম্যাচে রোমাঞ্চ তৈরি করেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিততে পারল না খুলনা টাইগার্স। শেষদিকে এসে ইয়াসির আলী ও আন্দ্রে ফ্লেচারের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের খুব কাছে গিয়েও ৭ রান আগে থামতে হয়েছে খুলনাকে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে খেলতে নামা খুলনা ১৮২ রানেই থেমে যায়। ফলে ৭ রানের জয় নিয়ে কোয়ালিফায়ারে উঠেছে আফিফ হোসাইনের দল।
৭ রানে জয়ের ফলে কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে পরবর্তী ম্যাচে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার পরাজিত দলের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার (১৬ ফেব্রুয়ারি)।












