বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, শফিউল আজম শেফু ও শামসুল আলম।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি শপথ নেন ৬ ইউপির নবনির্বাচিত ইউপির চেয়ারম্যানগণ। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তবে মামলা সংক্রান্ত কারণে চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম শপথ নিতে পারেননি।
চলতি বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে উপজেলার শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া ও আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬৩জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।












