আন্তর্জাতিক ডেস্ক »
নিখুঁত হামলায় ইউক্রেনের উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনী ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরটি।
রুশ কর্মকর্তারা আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার অনুমোদন দেওয়ার পর ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রায় কোনো বাধা দিচ্ছে না। একই সঙ্গে, কর্মকর্তারা কিয়েভের রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও নাকচ করেন।
এর আগে, মস্কো জানিয়েছে, তারা শুধুমাত্র ইউক্রেনের সামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, আজ সকালে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে হামলা শুরু করেছে। পুতিন জানান, এই হামলার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের সামরিক ক্ষমতা খর্ব করা এবং দেশটিকে ‘নাজি’ প্রভাব থেকে মুক্ত করা।
রুশ নেতা দাবি করেন, দুই বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ইউক্রেনের আগ্রাসন থেকে সুরক্ষা দেওয়ার জন্য সামরিক উদ্যোগ আবশ্যক। গত ২১ ফেব্রুয়ারি এ দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া।
পুতিন আরও দাবি করেন, রাশিয়া ইউক্রেনের উগ্রবাদীদের হামলার শিকার হতে পারে, যদি না সে দেশে তাদের প্রভাব নিশ্চিহ্ন করা হয়। তিনি একইসঙ্গে পশ্চিমের রাষ্ট্রগুলোর প্রতি অভিযোগ করেন, তারা কিয়েভকে মস্কোর বিরুদ্ধে অস্ত্রধারণে সক্ষম করেছে।












