১৭ মার্চ ২০২৬

‘সাগরে ময়লা ফেলে’ জরিমানা গুনল সেন্টমার্টিনগামী ৩ জাহাজ

কক্সবাজার প্রতিনিধি »

‘সাগরে ময়লা ফেলার’ অভিযোগে সেন্টমার্টিন গামী পর্যটকবাহি তিনটি জাহাজ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সেন্টমার্টিনে দায়িত্বরত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়কারি জাহাজগুলো হল— এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল সেন্টমার্টিন জেটিঘাটে নোঙররত ছিল। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে খবর আসে ওই জাহাজ তিনটির রান্নাঘর থেকে ময়লা-আবর্জনা সাগরে ফেলা হচ্ছে। এ খবরে ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও সংকটাপন্ন এলাকা ২০১৬ এর বিধিমালা লংঘনের অভিযোগে ওই জাহাজ তিনটিকে জরিমানা করা হয়। প্রতিটি জাহাজকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযুক্ত জাহাজগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিবেশ আইন মানার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আগামীতে তারা যদি আবারও আইন লংঘন করে, তবে তাদের বিরুদ্ধে জাহাজ চলাচল বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট বিধি মতে আরো কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সেন্টমার্টিনে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সুপারিশকৃত ১৩ দফা বাস্তবায়নে প্রশাসনের সংশ্লিষ্টরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান নওরীন হক।

আরও পড়ুন