রাঙ্গুনিয়া প্রতিনিধি»
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি আজগর আলীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। আটককৃত প্রধান আসামি আজগর আলী রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এইদিন সন্ধ্যায় তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেন র্যাব-৭।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন ইউসুফ আলী। হামলার ১১ দিন পর চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মাহবুব মিলকী জানান, আজগর আলীকে গ্রেফতার করেছে র্যাব-৭। কোথায় থেকে গ্রেফতার করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি এ কর্মকর্তা। এ পর্যন্ত চারজনসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। তবে দুইজন আদালত থেকে জামিনে বাইরে আছে।












