জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের টেকনাফ ২১নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দু’ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(এসপি) মো. তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হল, ক্যাম্প ২২ এর রশিদ আহমদের ছেলে আরকান(১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।
এসপি তারিক জানান, গোপন সংবাদে জানাযায় ক্যাম্পের বি/৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। এ খবরের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ফোর্সরা ভোররাতে অভিযান চালিয়ে বি/৩ ব্লকে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে রোহিঙ্গা দু’জন কে আটক করা হয়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর আলামতসহ তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন এসপি তারিক।












