মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ফারুকীয়া মাদ্রাসার পশ্চিম পাশে আব্দুল্লাহ ভবনে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাকিব (২২) উপজেলার সাহেরখালী ইউনিয়নের জসিমের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ ভবনের ৩ তলায় সম্প্রসারণের কাজ চলছে। এই ভবনে বৃহস্পতিবার কাজ করছিলেন তিনজন। দুপুরে নিচ থেকে ছাদে রড উঠানোর সময় ভবনের পাশে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে রাকিব নামের ওই যুবক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজীব পোদ্দার বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’














