সীতাকুণ্ড প্রতিনিধি »
ইউক্রেন বন্দরে বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ভাটিয়ারীর সামির মা-বাবার চোখে ঘুম নেই। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ায় আটকা পড়েছে ‘বাংলার সমৃদ্ধি’ নামে এই বাংলাদেশি জাহাজ।
এই জাহাজে আটকা পড়েছেন সীতাকুণ্ড ভাটিয়ারীর ছেলে সালমান সামি (২৬। ছেলের চিন্তায় বিনিদ্র রাত কাটাচ্ছেন মা-বাবা। জাহাজটিতে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন সালমান সামি।
আটকে পড়া সালমান সামি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হকের ছেলে। তার মা ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা ছেমন আরা বেগম জানান, ‘গত ২০ ফেব্রুয়ারি তারিখে সালমান সামির চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন। গতকাল বুধবার রাত ১০টায় ছেলের সঙ্গে সবশেষ কথা হয় তার। এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় ইঞ্জিনিয়ার মারা গেলেও বাকিরা অক্ষত আছেন বলে মোবাইলে সালমান মাকে জানান।’
ছেমন আরা বেগম বলেন, ‘আমার ছেলের মত মোট ২৮ জন বাংলাদেশি ইউক্রেনের বন্দরে ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন।
অজানা উদ্বেগ ও আশঙ্কায় আমাদের বিনিদ্র রাত কাটছে। আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।’
ইউক্রেনে যুদ্ধ শুরু হলে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ বাংলাদেশি ছিলেন। বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইঞ্জিনিয়ার বাংলাদেশের বরগুনার মোহাম্মদ হাদিসুর নিহত হন। সকল আটকে পড়া নাবিকদের পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন।














