বিনোদন ডেস্ক »
ঐশ্বরিয়ার কাছে দর্শকের প্রত্যাশা সব সময়ই ছিল। মা হওয়ার পরও অভিনয় নিয়ে বচ্চন পরিবারের কারও কোনো বাধা ছিল না। তার পরও বলিউড কুইন ঐশ্বরিয়া নিজেকে আড়ালেই রেখেছিলেন। অভিনয় ভুবনে আবার ফিরবেন কিনা, ফিরলে কবে নাগাদ বড় পর্দায় দেখা যাবে- এসব প্রশ্নের জবাবও এড়িয়ে গেছেন।
কিন্তু কেন? এবার সেই প্রশ্নের জবাব মিলল ‘পিএস-আই’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়া নিজেই শেয়ার করেছেন। সেখানে নতুন এক অবয়বে দেখা মিলেছে সাবেক এই বিশ্বসুন্দরীর। আর এতেই স্পষ্ট হয়েছে, কেন ঐশ্বরিয়া পর্দায় ফেরার জন্য এতটা সময় নিয়েছেন। এও বোঝা গেছে, স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে নতুন কিছু করে দেখার প্রয়াসেই ঐশ্বরিয়া বিরতি নিয়েছিলেন।
পর্দায় নতুন এক ঐশ্বরিয়াকে আবিস্কারের জন্য ভক্তরাও প্রহর গুনতে শুরু করেছেন। তাই তো ছবির প্রথম ঝলক শেয়ার হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই লিখেছেন, ‘দ্য কুইন ইজ ফাইনালি ব্যাক।’ আবার কেউ লিখেছেন, ‘দীর্ঘ ২৫ বছর ধরে মণিরত্নমের ছবির নায়িকা হতে পারেন একমাত্র আপনিই।’
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে মণিরত্নম বহুভাষী ছবি ‘পিএস-আই’ তৈরি করছেন। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা বেশকিছু চরিত্র ছবিতে এনেছেন পরিচালক। তবে ছবির চমক অবশ্যই বচ্চন পরিবারের বধূ। কারণ, এই ছবিতে তথাকথিত নায়িকা নয়, ঐশ্বরিয়া থাকছেন নন্দিনী নামের রহস্যময়ী খল নারী চরিত্রে।












