৫ মার্চ ২০২৬

যাত্রী বেশে ইজিবাইক ছিনতাই, ৬ দুর্বৃত্ত আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামু থেকে যাত্রী বেশে সংঘবদ্ধ ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) ছিনতাই চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। ওইসময় ছিনতাইকৃত একটি ইজিবাইক ও ছিনতাই কাজে ব্যবহৃত মোবাইলও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির সিকদার পাড়ার জাফর আলমের ছেলে মো. আরিফ (২০), মো. হাসানের ছেলে মো. ছায়েদ (২১), সমিতি পাড়ার হাসানের ছেলে ছিনতাই চক্রের মূল হোতা শাহা জাহান (২৩), শামসুল আলমের ছেলে ফয়েজ আলম প্রকাশ ফরিদ আলম প্রকাশ মুরিয়া ( ৩১) ও নুরুল ইসলামের ছেলে আনছার উল্লাহ (২৮) এবং উখিয়ার দক্ষিণ পাইন্ন্যাশিয়া গ্রামের অসিউর রহমানের ছেলে রফিক উল্লাহ (৩৩)।

র‌্যাবের দেয়া তথ্যমতে, গত ২ মার্চ রাতে লিংকরোড থেকে মরিচ্যা যাওয়ার কথা বলে ৪ যুবক একটি ইজিবাইক ভাড়া করে। তাদের সঙ্গের অপর দুইজন চেইন্দা বাজার থেকে ইজিবাইকে উঠে। ইজিবাইক পানেরছড়া বাজার পার হওয়ার পর তারা চালক আবছার কামালকে রাস্তার পাশে গাছের সাথে বেঁধে রাখে এবং ড্রাইভারের মোবাইল, টাকা-পয়সা ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার ভোরে আরিফকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য মতে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করে। এদের দেয়া তথ্যে ছিনতাইকৃত ইজিবাইক ক্রেতা রফিক উল্লাহ আটক করা হয়। এবং তার বসত বাড়ি থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

আটক আসামি শাহ জাহানের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপার্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ